কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২টা ১৫ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা খোরশেদ আলম (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম হ্নীলা ইউনিয়নের ছোট লেচুয়াপ্রাং এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ থানার একটি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
র্যাব সূত্রে জানা যায়, সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















