কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রুবেল (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের সামশুল আলমের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় ২০১৯ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে এক বছর এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















