কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া জহির আহামদ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি বিশেষ দল।
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় ২০১৭ সালে দায়ের করা একটি মাদক মামলায় আদালত জহির আহামদকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
অভিযানের সময় তার কাছ থেকে কোনো অবৈধ বস্তু উদ্ধার করা যায়নি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















