কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আনোয়ারুল ইসলাম (২২) কে আটক করা হয়েছে।
আটক আনোয়ারুল ইসলাম টেকনাফ উপজেলার কানজরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ইনুছের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলা বাজার থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’ও তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির যাত্রীর সিট কভারের নিচে কালো কসটেপে মোড়ানো চারটি মিনি কার্টনে লুকানো ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় চালক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়। পাশাপাশি ১২টি ব্যাটারি এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, হ্নীলা বাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















