কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে চট্টগ্রাম মহানগরী থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ১১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে উম্মে আফসানা (১৩) নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ১৯ মার্চ টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৭৮) করা হয়।
নিখোঁজের পরপরই র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীর অবস্থান শনাক্ত হলে বিষয়টি র্যাব-৭, চট্টগ্রামকে জানানো হয়। পরবর্তীতে দুই ইউনিটের সমন্বয়ে একটি আভিযানিক দল গঠন করা হয়।
যৌথ অভিযানে গত ৯ এপ্রিল রাত ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে কিশোরী উম্মে আফসানাকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত কিশোরীকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















