জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
ড. শিরীন শারমিন চৌধুরীকে দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ড. শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষ থেকে আড়ালে চলে গিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত আজ ভোররাতে ধানমন্ডি থেকে তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।

নিজস্ব প্রতিনিধিঃ 



















