পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় মোরেলগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। অভিযানে নিষিদ্ধ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের কাঁচাবাজার সড়ক, মুদিমনোহরি পট্টি ও ফল পট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাবারে ব্যবহৃত ক্ষতিকর রং, সেন্ট, গোলাপজলসহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এবং ক্যাব বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য। ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” ব্যবসায়ীদের প্রতি তিনি ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভেজালমুক্ত পণ্য বিক্রি, সঠিক ওজন বজায় রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















