নীলফামারীর জলঢাকা উপজেলা এলাকায় নকল ওষুধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জিরো পয়েন্ট বাজারে অবস্থিত “মেসার্স অনিন্দ্য ফার্মেসী”-তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি জেলার ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামের নকল ওষুধের ৪৮টি বক্স (প্রতি বক্সে ১৪ পিস) উদ্ধার করা হয়। জানা যায়, তিনি নিজেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ওই ওষুধ বিক্রির চেষ্টা করছিলেন।
ফার্মেসির স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন। পরে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সংশ্লিষ্ট কোম্পানিকে তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহদি হাসান, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অন্যদিকে, বিসিডিএস নেতা মাহবুবার রহমান মনি অভিযোগ করেন, বিষয়টি জেলা ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলেও তিনি তা গুরুত্ব দেননি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নকল ওষুধের মতো গুরুতর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ 



















