সংগৃহীত ছবি
মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় সংগঠনটির ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডির ২ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান।
মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনার কাজে ‘ব্যবহৃত’ একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদকঃ 



















