জেবুন্নেছা আফরোজ | সংগৃহীত ছবি
প্রায় ৯ মাস কারাবাসের পর অবশেষে মুক্তির পথে বরিশালের আলোচিত রাজনৈতিক নেত্রী জেবুন্নেছা আফরোজ। আদালতের আদেশে জামিন পেয়েছেন তিনি। একই আদেশে আরও দুই আওয়ামী লীগ নেতাকেও জামিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির।
জামিনপ্রাপ্তরা হলেন— বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ মে রাজধানীর একটি বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তী সময়ে তাকে বরিশালে দায়ের করা অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি ছিলেন বরিশাল কেন্দ্রীয় কারাগারে।
দীর্ঘ সময় কারাগারে থাকার পর আদালতের এ জামিন আদেশ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আইনজীবী সূত্রে জানা গেছে, জামিনের শর্ত পূরণ সাপেক্ষে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















