নিহত জাহিদুল ইসলাম পারভেজ এবং আটক হৃদয় মিয়াজি
রাজধানী ঢাকার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি বলে পুলিশ দাবি করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১ এর এই অধিনায়ক বলেন, হৃদয় মিয়াজি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে পারভেজ হত্যায় ১১ জনকে শনাক্ত করেছেন পুলিশ। এর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের মধ্যে ৩ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নিহত পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের কুয়েতপ্রবাসী মো. জসীম উদ্দিন ও পারভীন ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে।
প্রসঙ্গত, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ফটকে খুন হন পারভেজ। ছাত্র হত্যার ঘটনার পর থেকেই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে পরিবেশ বিরাজ করছে।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















