রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। এসময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এবং সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন। তারা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন।

এই বিষয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বলেন, ফেসবুকে ট্রল করাকে কেন্দ্র করে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা প্রথমে মারধর করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। এরপরই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিটি কলেজের শিক্ষার্থী মুনতাহিন হাসান বলেন, গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থী সিটি কলেজের ইন্টার ২য় বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করে। আবার আজকে ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কিছু বন্ধুবান্ধব কে মারধর করে ঢাকা কলেজে শিক্ষার্থীরা। এরপর তাদের সাথে আমাদের সংঘর্ষে লাগে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন বলেন, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের ইন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। গত কিছুদিন ফেসবুকে কোন একটা বিষয় নিয়ে ট্রল হচ্ছিল বলে জানতে পেরেছি। এই ট্রল করা নিয়ে আজ সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 


















