ফাইল ছবি
রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় সাজিদুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এসময় তাকে আদালতে হাজির করা হলে তিনি আইনজীবীর কাছে জানতে চেয়ে বলেন, আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক আতিকুল ইসলামের এমন প্রশ্নের জবাবে তার এক আইনজীবী বলেন, স্যার, ৬০ টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার। ৫৬ টার মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না।
সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এ কথা বলেন।
এসময় আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন৷
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে খাবার খেতে যান মো. সাজিদ হাওলাদার। খাওয়া শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সিমা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে এজাহারনামীয় আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ360 প্রতিবেদকঃ 


















