মেট্রোরেল | সংগৃহীত ছবি
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই দাবি বা স্বপ্ন পূরন হলো এবার নগরবাসীর। উদ্বোধনের পর প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো চলাচলের কথা জানান। প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।
আব্দুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ360 ডেস্ক

নিউজ ডেস্ক 






















