সংগৃহীত ছবি
আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ ও দূষণমুক্ত নদী রেখে যেতে সরকারি নির্দেশনার পাশাপাশি ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নাব্যতা বৃদ্ধি এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ আশেপাশের খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব। শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
পূর্বে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
উক্ত সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ একাধিক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ প্রতিনিধিঃ 



















