সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত ছবি
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েই বিক্ষুদ্ধ ছাত্র-জনতার মারধরের শিকার হন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।
সিরাজগঞ্জ শহরের বড় পুল এলাকায় আবদুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন।
ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তুলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















