মোহাম্মদ মসিউর রহমান | সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’র সঙ্গে তুলনা করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। এ ঘটনার পরপরই তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর, যখন ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সচিব মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটির প্রসঙ্গ তোলেন।
বক্তব্যে তিনি দাবি করেন, এই স্লোগানটি মূলত একটি ‘হাদিস’। তিনি বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সে-ই বলতে পারে মানি না। কিন্তু আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ।”
স্লোগানটির ধর্মীয় ও নৈতিক ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী। এটি কোনো হুজুর বললে সবাই হাদিস মেনে নিত। কিন্তু ওনার মুখে দাড়ি নেই, মাথায় টুপি পরেন না বলেই এটিকে হাদিস বলা হচ্ছে না! তবে এটি বাস্তবে হাদিসই।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজেই আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক স্লোগানকে হাদিস বললে অনেকেই হয়তো মনে করতে পারেন তিনি পরবর্তী ভালো পোস্টিংয়ের জন্য প্রধানমন্ত্রীর তোষামোদ করছেন।
সচিব মসিউর রহমানের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নানা প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় বাণীর সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে ওএসডি করার প্রক্রিয়াস্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করল সরকার।

ডেস্ক রিপোর্টঃ 


















