সংগৃহীত ছবি
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস.এম. জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই রিট পিটিশনটি দায়ের করেন।
আবেদনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তারা হলেন–স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির (BTRC) চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন প্রধান, সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধান।
আবেদনে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফেসবুক ও অনিবন্ধিত অনলাইন পোর্টালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার করছে, যা সামাজিক অবক্ষয় তৈরি করছে।
এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে লিখিত আবেদন জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনকারী আইনজীবী এস.এম. জুলফিকার আলী জুনু জানান, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি হলেও মিথ্যা তথ্য, গুজব, সাইবার হয়রানি বা মানহানিকর কর্মকাণ্ড এর আওতায় পড়তে পারে না। রাষ্ট্রের ভাবমূর্তি ও আইনের শাসন রক্ষায় এসব অনিবন্ধিত পোর্টাল ও পেজ বন্ধ করা জরুরি।
রিট আবেদনের সপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিতর্কিত কনটেন্ট, পোস্ট এবং পূর্বে দাখিল করা প্রতিনিধিত্বপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















