সংগৃহীত ছবি
ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।
সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি এই বিশাল অংকের টাকার কোনো বৈধ উৎস বা উপযুক্ত কারণ দেখাতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ লাখ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

স্টাফ রিপোর্টারঃ 



















