সুন্দরবনঘেঁষা দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়ায় মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ আয়োজিত সচেতনতামূলকসভায় বক্তারা এসব কথা বলেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।
সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি ও পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবীর মিরাজ, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসা ও বিস্তারের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
সভা শেষে মাদকবিরোধী পদযাত্রা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও মাদকপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 

















