রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পারভীন আকতার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তাঁর পেশাজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসি-তে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিএইচবিএফসি-তে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ব্যাংকিং খাতের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দিয়েছেন এবং দেশ-বিদেশের নানা প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা পারভীন আকতার এক কন্যাসন্তানের জননী।

নিজস্ব প্রতিবেদকঃ 

















