কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার থ-১১-৬৬৫০) থামিয়ে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। বিজিবি জানায়, সিএনজির পিছনের সিটের পাপোষের নিচে প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ইয়াবাগুলো।
আটকরা হলেন—আবুল বশর (৩৭), পিতা-মৃত আবুল হাশেম, গ্রাম উলচামারী, হ্নীলা ও সবিরান (২৮), পিতা-মোহাম্মদ হোছন, গ্রাম শাহপরীরদ্বীপ উত্তরপাড়া, টেকনাফ।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ইয়াবা ও সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বিজিবির চোখ এড়াতে পারবে না। সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















