সাবেক সিইসি হাবিবুল আউয়াল | ফাইল ছবি
রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, আদালত শুনানি শেষে তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে।
মামলায় ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নূরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়। তবে মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল না।

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 


















