মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের পাশের চটপটির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সুজন মিয়া রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাকে ৫-৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তদের হাতে সুজনের বুকে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে।

এদিকে সিলেট বারে সদ্য যোগদানকৃত নবীন আইনজীবী ও মৌলভীবাজার জেলা বারের আইনজীবী, সাবেক ছাত্রলীগ নেতা সুজন মিয়া হত্যার চাঞ্চল্যকর এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তারা খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আইনজীবী সুজন হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 


















