পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৪০টি মোবাইল, অনলাইন ট্রানজেকশনের টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেইসবুক একাউন্ট উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এসব মোবাইল ও অনলাইন ট্রানজেকশনের নগদ ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেইসবুক একাউন্ট মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, আনজিরা বেগমের বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে তার (স্বামীর) ইমো দিয়ে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পরার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সাথে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারনার শিকার হন। আনজিরা বেগম পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশ কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকা উদ্ধার করে।
তিনি আরও বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতিপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে। ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের টাকা ও ফেইসবুক একাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















