বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল | ফাইল ছবি
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এর সামনে শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন পালন করেছেন ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক সহসভাপতি মো. আরিফুজ্জামান রোহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিজামুদ্দিন, ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনুর, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভিন মিশুসহ কাজী কৌশিক, আশরাফুল ইসলাম সোহাগ প্রমুখ।
এ দিকে একই দিনে সকাল সাড়ে ৬টায় বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানান সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মো. সঞ্জীব ইসলাম আফেন্দী, মো. জহিরুল ইসলাম জহির, গৌতম দাস, মো. মুকিব মিয়া, খলিলুর রহমান আনোয়ার প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া-মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বড় ভাই শেখ কামাল, শেখ জামাল ও পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
প্রসঙ্গত, এবার রাষ্ট্রীয়ভাবে ‘শেখ রাসেল দিবস ২০২৪’ পালন করা হয়নি।

সংবাদ360 প্রতিবেদক 


















