ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও ৪ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন: ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির (ট্রাফিক মিরপুর জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ২(চ) অনুযায়ী, তার এ অনুপস্থিতি ‘অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত হয়েছে। তাই অনুপস্থিতির দিন থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এর আগেও ১৫ জুন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৪ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















