ভিডিও থেকে সংগৃহীত ছবি
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) নগরের ফুলবাড়িগেট বাজারে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন একদল লোক।
শনিবার (১৪ জুন) বেলা ১টার দিকে নগরের ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেগ লিয়াকত আলীর বাড়ি খান জাহান আলী থানার বাদামতলা এলাকার পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের সামনে। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি।
স্থানীয় লোকজনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বেগ লিয়াকত আলী সমিতির কার্যালয়ে বসে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নাম সংগ্রহ করে পুলিশ দিয়ে হয়রানি করতেন। ব্যবসায়ীদের কাছে তিনি নিয়মিত চাঁদাও আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে। ঈদের কয়েক দিন আগে একটি মামলায় তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। আজ শনিবার নিজের বাড়ি থেকে ফুলবাড়ি গেট বাজারে মুঠোফোন মেরামতের জন্য এলে সেখানে একদল লোক তাঁকে ঘিরে ফেলেন ও গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বেগ লিয়াকত আলী। তাঁর বিরুদ্ধে দৌলতপুর, দিঘলিয়া, খান জাহান আলী এবং সাভার থানার কয়েকটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একটি অভিযোগও আছে। কিছুদিন আগে তিনি একটি মামলায় জামিনে মুক্ত হন।

স্টাফ রিপোর্টার 


















