বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও দেবিদ্বারে সাব্বির হত্যার আসামি হোসাইন আহমেদ (৩৬) কে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সোমবার (২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
হোসাইন আহমেদ দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে।
জানা যায়, হোসাইন আহমেদ ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানকে একটি মানহানির মামলায় কুমিল্লার আদালতে হাজিরের জন্য পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে।
এছাড়া গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেবিদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাব্বির নামে এক জনের মাথায় গুলি লাগে। ৩৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। এ ঘটনায় গত বছর ৮ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে মামলা করেন তার মামা নাজমুল হক।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, হোসাইন জুলাই আন্দোলনে সাব্বির হত্যাসহ ৪টি মামলার আসামি । জুলাই হত্যা মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃ আনজার শাহ 


















