ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকিং করলে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইকিং শুরু করলে একপর্যায়ে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারিত রয়েছে। তবে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।
এরই মধ্যে গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের (লিভিং ওয়েজ) জন্য ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন।
সংস্থাটি আরও জানায়, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার মজুরির ক্রয়ক্ষমতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান দাঁড়ায়। তবে সিপিডির এই প্রস্তাবের বিপরীতে শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ আন্দোলনে নামেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোগড়া, কোনাবাড়ী ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার কোথাও সড়ক অবরোধ নেই। বাঘের বাজারে সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং অনেক শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















