লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু
সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাসা থেকে নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।
এসআরবি সূত্র আরও জানায়, আটক সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পরপরই তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উত্তরায় অবস্থিত এসআরবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















