গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রের তথ্যমতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (১৮ নভেম্বর) সকালেও অব্যাহত থাকায় সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। নীলফাবাজার মোড় ছাড়াও রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে এই অবরোধ চলছে।
নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া এক
অবরোধকারী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক সড়কের এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে। এদিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে।
অন্যদিকে, চলমান এই অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















