সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় কারখানাগুলো খুলে দিতে পারবে।
এদিকে সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এসব ঘটনার জেরে বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে ছোট-বড় প্রায় ৫ হাজার ২০০টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা এবং ৯০০টির বেশি রপ্তানিমুখী কারখানা রয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















