“জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ ও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উপজেলা ও পৌর বিএনপি পৃথক কর্মসূচির আয়োজন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
আলোচনা সভায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মো. মতিয়ার রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাশরাফি আকিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমের নেতৃত্বে মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসেন, মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ নেতা অধ্যাপক আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, “জুলাই সনদ বাস্তবায়িত না হলে আবারও স্বৈরাচারের উত্থান হতে পারে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।”
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
এদিকে, একই দিনে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন স্মরণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 


















