বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাংক নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল নির্মাণের সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে টানা বৃষ্টি ও ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাদামাটির চাপে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাট প্রতিনিধিঃ 








