পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাধা জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জিয়ানগর উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান শেষে জব্দ করা তিনটি অবৈধ বাধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাধা জাল নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করার পাশাপাশি মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এসব জালে নির্বিচারে ছোট মাছ ও পোনা আটকা পড়ে, ফলে নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার বা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 














