হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আহমেদ শাওনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শাওন নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে ৬টি মামলা রয়েছে। ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে দুবাই যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে তার ভাই ইমরান মাহমুদ বলেন, ‘পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনের গ্রেফতারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ৬টি পৃথক মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















