মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা, ‘গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি’র উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় পল্টন টাওয়ারের ৫ম তলায় অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে “মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌলা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একটি সুন্দর, সুস্থ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রেজাবুদৌলা আরও বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। আজকের তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাই শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে আমাদের পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। একজন সন্তান যেন বিপথে না যায়, সে বিষয়ে প্রথম দায়িত্বটি পালন করতে হবে পিতামাতা ও অভিভাবকদের। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উচিত নিয়মিত শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মাদকের অপকারিতা সম্পর্কে সচেতন করা। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত, মেধাভিত্তিক ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি।”
বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস.এম মোশাররফ হোসেন মিলন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কিং ইকো সিটি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুরাদ পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন নেত্রকোনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ আবুল বাশার, গবেষক, লেখক ও ডকুমেন্টারী ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. মোঃ সফিউর রহমান এবং এডভোকেট মোঃ আল আমিন হোসেন বিপ্লব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট সিটি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, আমোজ-এর প্রোপ্রাইটর সিরাজুম মনিরা মলি মোল্লা, মাণ্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডঃ ইসমত আরা কাবেরী, এস কে ইন্ডাস্ট্রিজ ও ন্যায্যমূল্য লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন কে. এম. এ. রহমান এবং আবেস হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপ্রাইটর মোঃ সুমন মিয়া।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে ‘গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয় এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। কিং ইকো সিটি, ন্যায্যমূল্য, আমোজ, গ্লোবাল ই-কমিউনিকেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘দৈনিক বাংলাদেশের আলো’।

নিজস্ব প্রতিবেদকঃ 


















