সংগৃহীত ছবি
দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জোর করে প্রিজন ভ্যানে তুলে তাঁকেসহ দলের কয়েকজন সংসদ সদস্যকে বিভিন্ন থানায় ঘুরিয়ে বেড়ানো হয়েছে।
ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, দীর্ঘ সময় এভাবে প্রিজন ভ্যানে ঘোরানোর পর তাঁদের মনে হচ্ছিল, যেন তাঁদের অপহরণ করা হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্ডিয়া জোটের একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার তাঁদের যন্তর মন্তরে যাওয়ার কথা ছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশ সাফ জানিয়ে দেয় যে তাঁদের যেতে দেওয়া হবে না এবং পথেই আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে মমতা ও তাঁর দলের ছয়জন সংসদ সদস্য সংহতি জানাতে বাড়ির সামনের বাসস্ট্যান্ডে অবস্থান নেন। কিন্তু সেখানে বসে থাকার কিছুক্ষণ পরই পুলিশ এসে জানায় যে একসঙ্গে তিনজনের বেশি অবস্থান নেওয়া যাবে না এবং ব্যানার সরিয়ে নিতে হবে।
মমতার অভিযোগ, পুলিশের এই নির্দেশনার পর এক মিনিট সময়ও না দিয়ে জোরপূর্বক তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অত্যন্ত আক্রমণাত্মকভাবে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, যেন তাঁরা কোনো ভয়ঙ্কর অপরাধী।
জীবনে কখনো এ ধরনের অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রিজন ভ্যানে তোলার পর প্রায় দুই ঘণ্টা ধরে তাঁদের এক থানা থেকে অন্য থানায় ঘুরিয়ে হয়রানি করা হয়। প্রতিটি থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল সেখানে জায়গা নেই। দীর্ঘ সময় পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে ঘোরানোর ফলেই তাঁদের মনে শেষ পর্যন্ত অপহরণের আতঙ্ক দানা বেঁধে ওঠে।

আন্তর্জাতিক ডেস্কঃ 


















