বাগেরহাটের রামপাল উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান।
দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে ‘নাগরিক’ প্রকল্পের আওতায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বজুড়ে এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হচ্ছে।
খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মুজিবর রহমান জোয়ার্দ্দার, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শেখ মনিরুজ্জামান, গৌরম্ভা ইউপি সদস্য বাবু চম্পক কুমার কুন্ডু, আবু মুছা আকুঞ্জি ও ফিরোজ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শারাফাত হোসেন এবং গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মোঃ মোহতাদির।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী বিষয়ভিত্তিক তিনটি কুইজ প্রতিযোগিতা। বিষয়গুলো হলো—প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং তথ্য অধিকার।
প্রতিযোগিতায় তিনটি বিষয়ে প্রথম স্থান অর্জন করে যথাক্রমে ইরফান শেখ (৯ম শ্রেণি), জান্নাতুল শাহ সারাহ (৮ম শ্রেণি) ও তকি তাজওয়ার (৬ষ্ঠ শ্রেণি)।
দ্বিতীয় স্থান অর্জন করে যথাক্রমে সুমাইয়া বিল্লাহ (১০ম শ্রেণি), তাবাচ্ছুম সুলতানা (৮ম শ্রেণি) ও ফাইজা জামান দিয়হা (৬ষ্ঠ শ্রেণি)।
এবং তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে তিথি কুন্ডু (৯ম শ্রেণি), নওরিয়া জান্নাত (৭ম শ্রেণি) ও রায়হান সরদার (৬ষ্ঠ শ্রেণি)। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামনের সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, এসএমসি সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, নাগরিক নেতা, নারী নেত্রীসহ প্রায় ৩০০ মানুষ অংশগ্রহণ করেন।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















