নীলফামারীর জলঢাকায় নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জলঢাকা উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরোপয়েন্টে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান ও ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবেদ আলী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবনেতা আবু তোরাব ইমন। মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার ইতি টানা হয় এবং পরবর্তীতে নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ 
















