নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ধানক্ষেত ধ্বংস করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অনাথ চন্দ্র রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৫ আগস্ট রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আরাজী শিমুলবাড়ী এলাকার মৃত তরী মামুদের ছেলে আলাল হোসেনের সাথে প্রতিপক্ষ পার্শ্ববর্তী রাজবাড়ী এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অনাথ চন্দ্রের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিগত ১১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে ১৫০০/১০ নং কবলা দলিলমূলে আলাল হোসেনের নিকট মৌজার বি এস ৩৬৭ নং খতিয়ানের ৪৩২৪ দাগে ১৫ শতক ও ৪৩৩৫ দাগে ১৫ শতকসহ মোট ৩০ শতক জমি বিক্রি করে দখল হস্তান্তর করেন অনাথ চন্দ্র। এরপর থেকে আলাল হোসেন উক্ত জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে ভোগদখল করে আসছেন।
এমতাবস্থায়, গত ২৫ আগস্ট দিবাগত রাতে অনাথ চন্দ্র রায় ও তার লোকজনের পরামর্শে ভুক্তভোগীর রোপণকৃত ধানক্ষেতে ঘাসমারা/গাছমারা কীটনাশক বিষ প্রয়োগ করা হয়। পরদিন সাক্ষীদের সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী আলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রোপণকৃত ধানগাছগুলো শুকিয়ে লালচে হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় দুই বছর ধরে আলাল হোসেন জমিতে ধান, গম ও ভুট্টা রোপণ করে আসছেন এবং প্রতিপক্ষ অনাথ চন্দ্র বারবার সেই ফসল নষ্ট করে দিচ্ছেন। চলতি মৌসুমে আলাল হোসেন ধান রোপণ করলে এবারও বিষ প্রয়োগ করে তা নষ্ট করে দেওয়া হয়। এভাবে একই মৌসুমে দুবার ধানক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ।
ভুক্তভোগী আলাল হোসেন অভিযোগ করে বলেন, “আমার রোপণকৃত ধানক্ষেতে অনাথ চন্দ্র বিষ প্রয়োগ করে ধানগাছ নষ্ট করেছে। এভাবে প্রতি মৌসুমে আমার ক্ষেত নষ্ট করেন অনাথ চন্দ্র ও তার লোকজন। ক্ষেত নষ্ট করার ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। আমি প্রশাসনের কাছে এর ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রতিপক্ষ অনাথ চন্দ্র রায়ের বাড়িতে যাওয়া হলে গেটে তালা ঝুলতে দেখা যায়, ফলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রবিউল ইসলাম রাজ, জলঢাকা প্রতিনিধিঃ 



















