সংগৃহীত ছবি
ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে আজ রোববার (২৩ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যেই এই পর্ষদ গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
এই পদোন্নতি পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
সকালে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
নির্বাচনী পর্ষদ উদ্বোধনের পূর্বে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান। র্যাংক ব্যাজ পরিধান শেষে নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ নৌবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী করে তুলতে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদকঃ 



















