‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পাক্ষিক ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে (অডিটরিয়াম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বদ্ধ জলাশয়ে উৎপাদন বৃদ্ধি এবং মাছের খাদ্য, প্রয়োজনীয় উপকরণ ও সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল কাজে লাগিয়ে বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ আহরণ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এ সময় সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 



















