সংগৃহীত ছবি
কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
মুরাদনগরের বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)
স্থানীয় সূত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়।
এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদসহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি মাহফুজুর রহমান।
উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

মোঃ আনজার শাহ 


















