সংগৃহীত ছবি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘মানিক কম্পিউটার’ দোকানের মালিক আলী আজম মানিককে (৩৩) দাঁড়ি ধরে টানা-হেঁচড়া, অকথ্য গালিগালাজ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা শাখা (ডিবি)।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রেফতার নাসিম ভূইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (২৭ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ।
তিনি জানান, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঘিওর উপজেলা সদরের ‘মানিক কম্পিউটার’র মালিক আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূইয়ার কথা-কাটাকাটির একপর্যায়ে নাসিম তার মুখের দাড়ি ধরে টানাটানি করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার পর ভুক্তভোগী ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই নাসিম পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 


















