ফেসবুক থেকে সংগৃহীত ছবি
রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায়। সাবেক সিইসির গলায় জুতার মালা পরানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে একজনকে বলতে শোনা যায়, সাবেক সিইসি স্বৈরাচার তৈরি করেছেন। এসময় উপস্থিত জনতা তাঁকে উত্তরা-পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে।’ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
রোববার আওয়ামী লীগ আমলের এ কে এম নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন তার অধীনে হয়। তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সিইসি ছিলেন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















