বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই কোনো অপশক্তির ফাঁদে পা দিবে না।” তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষায় তার লড়াই অব্যাহত রাখবে।

শুক্রবার (২১ মার্চ) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ২ নং পঞ্চকরন ইউনিয়নে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, মোঃ শামীম আহসান ফকির,সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, মাওলানা আব্দুল খালেক, মাসুদ খান চুন্নুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

শিপন বলেন, “আমরা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। বিএনপি কোনো দুর্নীতিবাজের কাছে মাথা নত করবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি এবং রাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবো।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দলের দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইফতার মাহফিল শেষে শিপন স্থানীয় শতাধিক এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। এই আয়োজনের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ তাদের ঐক্য এবং দলের প্রতি তাদের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যা আগামী নির্বাচনের প্রস্তুতি এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 
















