রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। তবে চেকটি কে দিয়েছে, তা তদন্তের স্বার্থে প্রকাশ করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। তারা হলেন– আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















