সংগৃহীত ছবি
দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দাফন শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে বার্ধক্যের কারণে মারা যান আনোয়ার হোসেনের মা আনোয়ারা খাতুন। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাকে দুই ঘণ্টার জন্য মুক্তি দেয়। পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে গ্রামের বাড়ি উপজেলার মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় আনোয়ার হোসেনের এক হাতে হাতকড়া ছিল। এ সময় তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল পুলিশ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নাশকতার অভিযোগে একটি মামলায় আনোয়ার হোসেন পাশা গ্রেপ্তার হয়ে মেহেরপুর কারাগারে রয়েছেন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















